
ইউরোপ-বাংলা ডেস্ক: মলদোভা ও রোমানিয়ার সীমান্তরক্ষীরা যৌথ অভিযানে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। তারা প্রুত নদী সাঁতরে রোমানিয়া থেকে মলদোভায় অবৈধভাবে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সীমান্তরক্ষীরা তাদের একটি গমক্ষেতে লুকিয়ে থাকতে দেখে অনুসন্ধান শুরু করে। ড্রোন, কুকুর দল ও যৌথ টহলের সহায়তায় তিনজনকেই উদ্ধার ও আটক করা হয়। আটক ব্যক্তিদের একজন অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
কর্তৃপক্ষ জানিয়েছে, আটক তিনজনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এবং তারা বাংলাদেশি নাগরিক। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা কাজের সন্ধানে বুখারেস্টে যাওয়ার উদ্দেশ্যে সীমান্ত পার হওয়ার চেষ্টা করেছিলেন।
ঘটনাটি অবৈধ সীমান্ত অতিক্রমের মামলা হিসেবে তদন্তাধীন রয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের মলদোভার সীমান্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।




























