ইউরোপ বাংলা ডেস্ক : নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সদরঘাট আগে উপচে পড়া ভিড় ছিল। লঞ্চের ছাদে মানুষ ভিড় করত। এখন সেই অবস্থা নেই। স্বপ্নের পদ্মা সেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাহস ও দেশপ্রেম দিয়ে তৈরি করেছেন। এর ফলে দক্ষিণ অঞ্চলের মানুষের দুয়ার খুলে গেছে। আজ মঙ্গলবার আসন্ন পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অন্যান্য সেক্টরের মতো ঢাকা সদরঘাটে অভাবনীয় সাফল্য দেখতে পারছেন। এ অবস্থা আগে ছিল না। খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নিরাপদ জাহাজ পরিচালনার লক্ষ্যে জাহাজে নিরাপদ ইকুইপমেন্ট সংযোজনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী কয়েক বছরের মধ্যে নৌখাতে অভূতপূর্ব পরিবর্তন দেখতে পারবেন। মানুষ ভালভাবে নিরাপদে থাকবে। দুর্ঘটনা কমাতে নজর দেওয়া হচ্ছে।
তিনি বলেন, প্রশিক্ষিত জনবল তৈরিতে ইনস্টিটিউট তৈরি করছি। কোস্টগার্ড, নৌপুলিশে আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হচ্ছে। নৌপথে চুরি ডাকাতি প্রায় বন্ধ হয়েছে। আমরা সুযোগ-সুবিধা বৃদ্ধি করছি। আগামী দুই তিন বছরের মধ্যে নৌ চলাচল আন্তর্জাতিক পর্যায়ের ন্যায় স্বাভাবিক হয়ে যাবে। অদক্ষ জনবল জাহাজ পরিচালনার সাথে থাকবে না।

































